গাজীপুরের কালিয়াকৈরে চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাই যোদ্ধা সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৫ জানুয়ারি) গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। সুরভীর আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
রাশেদ খান বলেন, মামলায় এখন পর্যন্ত কোনো জব্দ তালিকা নেই। কোনো চার্জশিটও দাখিল হয়নি। কবে নাগাদ হবে, তা বলতে পারছি না। এর আগে সুরভীর জামিন নামঞ্জুর করা হয়েছে। সোমবার শুনানিতে পুলিশ রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে দুই দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৫ ডিসেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে গ্রেফতার হন তাহরিমা জামান সুরভী। এরপরই বিভিন্ন সংবাদমাধ্যমে লেখা হয়, ‘সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলন সংক্রান্ত মামলায় জড়ানোর ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তদন্তে উঠে আসে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তাহরিমা জামান সুরভীই ওই চক্রের মূল নেতৃত্বে ছিলেন। এই চক্রটি এরই মধ্যে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে।’
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা