লৌহজংয়ের ৩৭ পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন তানভীর সিনহা
আসাদউজ্জামান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ৩৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক তানভীর সিনহা। প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
শুক্রবার (১৬ই অক্টোবর) বিকেলে লৌহজং উপজেলার কলমা এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে এ অনুদান তুলে দেন তিনি।
শারদীয় দুর্গোৎসবকে আনন্দময় ও উৎসবমুখর করে তুলতে এ আর্থিক সহায়তা দেওয়া হয়। উৎসবের প্রাক্কালে এমন সহযোগিতা পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বী এবং পূজামণ্ডপের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক তানভীর সিনহা, লৌহজং উপজেলা বিএনপির সদস্যসচিব হাবিবুর রহমান অপু চাকলাদার, বিক্রমপুর কেবি ডিগ্রি কলেজের সাবেক ভিপি জিয়াবুল আলম জিয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জীব মণ্ডল তুষার এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্য বজায় রাখার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
স্থানীয়দের মতে, ধর্মীয় উৎসবে এ ধরনের সহযোগিতা পূজামণ্ডপগুলোর আয়োজনকে আরও সহজ করতে সহায়ক হতে পারে। একই সঙ্গে এটি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন দৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা