অনিক শেখ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার তৌলকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী
যাহারা ইসলাম রাতিয়া অল্প বয়সেই পড়াশোনা ও সাংস্কৃতিক অঙ্গনে একের পর এক সাফল্য অর্জন করে এলাকায় গর্বের কারণ হয়ে উঠেছে।
মো. রফিকুল ইসলাম ও নাছরিন জাহান জিনিয়ার একমাত্র সন্তান যাহারা ইসলাম রাতিয়া ২০২২ সাল থেকে সাংস্কৃতিক অঙ্গনে পথচলা শুরু করে। এরপর ধারাবাহিকভাবে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে নিজ বিদ্যালয় থেকে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে কবিতা আবৃত্তি, গল্প বলা এবং একক অভিনয়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে।
২০২৫ সাল ছিল তার সাফল্যের সবচেয়ে উজ্জ্বল বছর। প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ এ একক অভিনয়ে বিদ্যালয়, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম হয়ে ঢাকা বিভাগে অংশগ্রহণ করে। বিভাগীয় পর্যায়ে ১৩ জেলার প্রতিযোগীদের মধ্যে মুন্সীগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করে কৃতিত্বের সঙ্গে প্রথম স্থান অর্জন করে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ লাভ করে। এ সময় সে মেডেল, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার পায়।
এছাড়া একই বছরে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার বাছাইপর্বে ‘ইয়েস কার্ড’ অর্জন করে বিভাগীয় পর্যায়ে একক অভিনয়ে সেরা টপ-১০ এবং গল্প বলায় সেরা টপ-১৫-এর মধ্যে স্থান করে নেয়।
‘সেরাদের সেরা-২০২৫’ প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে একক অভিনয়ে তৃতীয় স্থান অর্জন করে। একই সঙ্গে ‘মার্কস অলরাউন্ডার-২০২৫’ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রায় ৮০ জন প্রতিযোগীর মধ্যে তিনটি রাউন্ড শেষে দ্বিতীয় স্থান অর্জন করে বর্তমানে বিভাগীয় পর্বের প্রস্তুতি নিচ্ছে।
শিক্ষাক্ষেত্রেও যাহারা ইসলাম রাতিয়ার রয়েছে ঈর্ষণীয় সাফল্য। ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। এছাড়া ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রায় ৪৫০ শিক্ষার্থীর মধ্যে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করে বর্তমানে ষষ্ঠ শ্রেণিতে রোল নম্বর-১ নিয়ে অধ্যয়ন করছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তার বাবা একই বিদ্যালয়ের শিক্ষক হলেও যাহারা ইসলাম রাতিয়া নিজ যোগ্যতায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতিবারই রোল নম্বর-১ অর্জন করেছে।
টঙ্গীবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজল ও সানজিদা এবং তৌলকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়ানুছ খানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক তার সাফল্যে গর্ব প্রকাশ করেছেন। তারা আশা করছেন, ভবিষ্যতেও যাহারা ইসলাম রাতিয়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় অর্জনের মাধ্যমে টঙ্গীবাড়ী ও মুন্সীগঞ্জের সুনাম বয়ে আনবে।