প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ১:১৭ পি.এম
শ্রীনগরে আ’লীগের কার্যালয় চালুর ভিডিও ভাইরাল

শ্রীনগরে আ'লীগের কার্যালয় চালুর ভিডিও ভাইরাল
স্টাফ রিপোর্টার
শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি কার্যালয় চালুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শনিবার ছড়িয়ে পড়া ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি অফিসের ভেতরে জাতির জনক শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে কয়েকজন কিশোর-তরুণকে নিয়ে দলীয় স্লোগান দিচ্ছেন এক ব্যক্তি।
পুলিশ জানিয়েছে, স্লোগানদানকারী ওই ব্যক্তির নাম সাব্বির, যিনি বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ভিডিওটি ইউনিয়নের একটি শাটার লাগানো দোকানের ভেতরে ধারণ করা হয়েছে বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেলেও, ঘটনাটি ঠিক কবে ঘটেছে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি।
ভিডিওতে দেখা যায়, ছবিগুলো টাঙানোর পর পরই সাব্বির নামে ওই ব্যক্তি কয়েকজন কিশোর-তরুণকে সঙ্গে নিয়ে দলীয় স্লোগান দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, 'ঘটনাটি কখন ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ভিডিওতে দেখা স্থানটি একটি শাটারযুক্ত দোকান। অভিযুক্ত সাব্বির দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। ঘটনার সত্যতা যাচাই ও জড়িতদের শনাক্তে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।'
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা