
রাসেল শেখ: মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিধিবিধান না মানায় দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বালিগাঁও বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশ ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্যসামগ্রী উৎপাদনের অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় মজুমদার বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে প্রয়োজনীয় বিধিবিধান না মানায় আইনের ৩৭ ধারায় বাচ্চু ডাক্তারের ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, বালিগাঁও বাজারের একটি বেকারিতে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করতে দেখা গেছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এছাড়া একটি ফার্মেসিতে ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন করে ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাব-এডিট/সাইদ হাসান আফরান