
নিজের ঘর নিজেই আগুনে পুড়িয়ে দিল মাদকাসক্ত যুবক
আমিরুল ইসলাম মামুন, টঙ্গীবাড়ী,
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামে মাদকের টাকা না পেয়ে নিজের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে মহসিন মাদবর (২৬) নামের এক যুবক। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘরের একটি অংশ পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়।
স্থানীয়রা জানান, মহসিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সন্ধ্যায় নেশার জন্য পরিবার কাছে টাকা চাইলে তারা দিতে অস্বীকৃতি জানায়। ক্ষোভে মহসিন নিজের ঘরে আগুন লাগিয়ে দেন। আগুন ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে রাত সাড়ে ৭টার দিকে টংগিবাড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
প্রতিবেশী রাকিব জানান, “মহসিন নিয়মিত মাদক খায় এবং মাঝে মাঝে বিক্রিও করে। নেশার টাকা না পেয়ে আজ সে নিজের ঘরে আগুন লাগিয়েছে।”
টংগিবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, “ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন প্রায় নিভে গেছে। তার স্ত্রী ও মা আমাদের জানান, মহসিন নিজেই আগুন লাগিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় এবং পরে ভিডিও কলে পরিবারের কাছে বিষয়টি স্বীকার করে। এতে ঘরের আংশিক অংশ পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।”