
টংগিবাড়ী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী টংগিবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, টংগিবাড়ী প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, আলোচনা সভা, বিজয় র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। বিশেষ অতিথি ছিলেন টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু, পিপিএম।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দিবসটি উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।