
সিরাজদিখানে প্রবাসী যুব কল্যাণের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের চম্পকদী গ্রামে পশ্চিম চম্পকদী প্রবাসী যুব সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মে ২০২৬) পশ্চিম চম্পকদী সবুজের দোকান সংলগ্ন মিলায়তনে সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
এলাকার অসহায়, গরিব ও দুস্থ মানুষের জন্য আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে প্রায় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
প্রবাসী যুব কল্যাণ সংঘের সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মোঃ দ্বীন ইসলাম (এমবিবিএস, সিসিডি-বারডেম, সি-কার্ড হৃদরোগ, আইসিপিপিএন শিশু পুষ্টি) এবং ডা. বর্ণা দাস (এমবিবিএস, পিজিটি-গাইনি, ডিএমইউ-আলট্রা)।
ক্যাম্পে মেডিসিন, ডায়াবেটিস, রক্তচাপ, বাতব্যথা, শিশু, গাইনি ও প্রসূতি বিষয়ক চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও রোগীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ওষুধ ক্রয়ে অস্বচ্ছল রোগীদের সহযোগিতার আশ্বাস দেন সংগঠনটির কর্মকর্তারা।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করে বিক্রমপুর হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। প্রতিষ্ঠানটির কর্মকর্তা দিদার জানান, অসহায় রোগীদের জন্য বিভিন্ন পরীক্ষায় অর্ধেক ডিসকাউন্টের ব্যবস্থা রাখা হয়েছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।