
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামানন্দ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজদিখান উপজেলার রামানন্দ গ্রামের আবু ছিদ্দিকের ছেলে মো. সেলিম (৩৫) এবং ইছাপুরা ইউনিয়নের বাসিন্দা বিলাল হাওলাদারের ছেলে শাহিন (২৫)।
পুলিশের অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সিরাজদিখান থানা এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, লতব্দী ইউনিয়নের রামানন্দ এলাকায় একটি টিনশেড ঘরে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এ সময় ঘরের একটি কক্ষে তল্লাশি করে সেলিমের কাছ থেকে ১৫ পিস এবং শাহিনের কাছ থেকে আরও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৩ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা ইয়াবা জব্দ করে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারির ১০(ক) ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে।
এ বিষয়ে সিরাজদিখান থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।