
নিজস্ব প্রতিবেদক
কবি, গবেষক, অনুবাদক ও দৈনিক আমার দেশের সাহিত্য সম্পাদক মুহিম মাহফুজের সঙ্গে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকীয় প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীতে দৈনিক আমার দেশ কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল, ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার ও অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
মতবিনিময় চলাকালে কবি মুহিম মাহফুজ বাংলা ভাষা ও সাহিত্যচর্চার বর্তমান ধারাকে আরও প্রসারিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি গণমাধ্যমে সাহিত্যপাতার গুরুত্ব, নতুন লেখকদের সহযোগিতা এবং আঞ্চলিক সংবাদপত্রগুলোর সাহিত্যচর্চায় ভূমিকা নিয়ে মূল্যবান মতামত প্রদান করেন। পাশাপাশি সাহিত্য সাংবাদিকতা বিষয়ে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার দিকনির্দেশনাও দেন।
তিনি বলেন, সাহিত্য মানুষের অভ্যন্তরীণ জগৎকে জাগ্রত করে। স্থানীয় পর্যায়ে যারা সাহিত্যচর্চা করছেন, তাদের কাজ জাতীয় পর্যায়ে পৌঁছে দিতে আঞ্চলিক পত্রিকাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় উভয় পক্ষ আগামীতেও সাহিত্য, সংস্কৃতি ও গবেষণা–বিষয়ক সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন। সম্পাদক আশরাফ ইকবাল জানান, দৈনিক মুন্সিগঞ্জের বার্তা সবসময় সৃজনশীল মানুষদের পাশে থেকেছে। কবি মুহিম মাহফুজের মতো গুণীজনদের পরামর্শ আমাদের কাজকে আরও সমৃদ্ধ করবে।
মতবিনিময় শেষে প্রতিনিধি দল কবি মুহিম মাহফুজকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।