নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (৪ জানুয়ারি) কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজিত এক সভায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় পরিপত্র জারি হবে। এরই মধ্যে সকল বাহিনী প্রধানদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হয়েছে এবং সংশ্লিষ্ট সব হেডকোয়ার্টার বিষয়টি অবগত রয়েছে।
ইসি সানাউল্লাহ জানান, যৌথবাহিনীর অভিযানের তিনটি প্রধান লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো—নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনা এবং নির্বাচনী আচরণবিধির বড় ধরনের লঙ্ঘন প্রতিরোধ। ছোটখাটো আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো রুটিন কমিটিগুলো দেখবে বলেও জানান তিনি।
এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, ক্যাম্পগুলো সিল করে দেওয়া এবং স্থল সীমান্ত ও সাগরপথে নজরদারি বাড়াতে হবে, যাতে কোনোভাবেই দুষ্কৃতিকারীরা এসব পথ ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে।
মুন্সিগঞ্জের বার্তা/ আফরান








