
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার
ঢাকায় গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং সাংবাদিকতার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি শহিদুল ইসলাম এর সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তাএর সম্পাদক এবং ঝিকুট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সম্প্রতি জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অবস্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংবাদিকতার বর্তমান প্রেক্ষাপট, পেশাগত চ্যালেঞ্জ, গণমাধ্যমের স্বাধীনতা এবং আঞ্চলিক সংবাদপত্রের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় দৈনিক মুন্সিগঞ্জের বার্তার লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হলে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম তা গভীর আগ্রহের সাথে শোনেন এবং পত্রিকাটির অগ্রযাত্রায় পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, দেশের প্রান্তিক পর্যায়ের সংবাদপত্রগুলোই প্রকৃতপক্ষে তৃণমূল মানুষের কণ্ঠস্বর তুলে ধরে, যা গণতন্ত্রকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিরা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সাংবাদিকতার মানোন্নয়ন এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।