
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও চরিত্র শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে ‘সিরাত কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের একাডেমিক ভবনের ১১০১ নম্বর কক্ষে দাওয়াহ অ্যাসোসিয়েশন অব সরকারি হরগঙ্গা কলেজের উদ্যোগে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শামীম আহসান খান। বক্তব্যে তিনি বলেন, ‘রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ ও সিরাতের মধ্যে আমাদের জন্য মুক্তির পথ রয়েছে। তাঁর আদর্শ অনুসরণ করে প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় জীবন সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব। শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি সিরাত চর্চা করা উচিত।’
কনফারেন্সে প্রধান আলোচক ছিলেন দাঈ, লেখক ও গবেষক জাকারিয়া মাসউদ। তিনি ভারত উপমহাদেশের মুসলমান ও বাঙালিদের অবদান, আত্মত্যাগ এবং ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। পাশাপাশি মহানবী (সা.)-এর আদর্শ ও শিক্ষার আলোকে শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ ছাড়া মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে বক্তব্য দেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল মান্নান প্রধান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এম. সিরাজুল হক এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মঈউদ্দিন মিলকি।
প্রফেসর আব্দুল মান্নান প্রধান বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর জীবনীতে সাফল্যের পথ রয়েছে। শিক্ষাঙ্গন, পরিবার ও সামাজিক জীবনের বিভিন্ন সমস্যার সমাধান তাঁর সিরাত থেকে পাওয়া সম্ভব।
প্রফেসর এম. সিরাজুল হক বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর জীবনব্যবস্থা, আদর্শ ও চারিত্রিক গুণাবলি আমাদের জন্য রহমতস্বরূপ। তাঁর জীবনাদর্শ অনুসরণে মানবিক ও নৈতিক গুণাবলি বিকশিত হতে পারে।
মঈউদ্দিন মিলকি বলেন, মুসলিম হিসেবে জন্মগ্রহণ করা এবং মহানবী (সা.)-এর উম্মত হওয়া সৌভাগ্যের বিষয়। মানবজাতির জন্য মহানবী (সা.) কেন রহমত এবং তাঁর জীবনাদর্শের গুরুত্ব কী, তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন তিনি।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ইসলামী জ্ঞানচর্চা ও নৈতিক মূল্যবোধ বিকাশে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইসলামিক কুইজ প্রতিযোগিতা, ইসলামিক বই বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। কনফারেন্সে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যেও বই বিতরণ করা হয়। পাশাপাশি কনফারেন্সে আলোচিত বিষয়গুলোর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালের রমজান মাসে কোরআন বিতরণ কর্মসূচির মাধ্যমে দাওয়াহ অ্যাসোসিয়েশন অব সরকারি হরগঙ্গা কলেজের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে ইসলামী জ্ঞানচর্চা ও নৈতিক মূল্যবোধ বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
সাব-এডিট/সাইদ হাসান আফরান