
নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জে এক ব্যক্তি নিজেকে ইমাম মাহদী দাবি করে বক্তব্য দিয়েছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ধর্মপ্রাণ মুসল্লিদের শান্ত ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই বক্তব্যকে কেন্দ্র করে জেলার বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের একাংশ বিষয়টিকে ধর্মীয়ভাবে স্পর্শকাতর উল্লেখ করে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্টদের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি নিয়ে কোনো ধরনের গুজব, উত্তেজনা বা অস্থিরতা সৃষ্টি করা উচিত নয়। বিষয়টি যথাযথভাবে যাচাই করে আইন ও প্রচলিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, বিষয়টি নিয়ে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আলেম সমাজের নেতৃবৃন্দের মধ্যে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরিস্থিতি শান্ত রাখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টরা গুরুত্ব দিয়েছেন বলেও জানা গেছে।
ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি গুজব বা উসকানিতে কান না দিয়ে শান্ত থাকার পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা ভিডিও ছড়িয়ে না দেওয়ার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা আশা করছেন, যথাযথ যাচাই ও দায়িত্বশীল উদ্যোগের মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হবে এবং এ ঘটনাকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হবে না। সাব-এডিট/সাইদ হাসান আফরান