
মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বকুলতলা ইউনিটের উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ শে ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় বকুলতলা মাষ্টার বাড়ী মাঠে আধারা ইউনিয়ন আমির মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন মুন্সিগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির মো. নুরুল আমিন সিকদার। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন আধারা ইউনিয়ন সভাপতি মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সেক্রেটারি মো. মজনু দেওয়ান, পঞ্চসার ইউনিয়ন আমির মো. শামসুদ্দোহা বিশ্বাস, পঞ্চসার ইউনিয়নের সেক্রেটারি মো. মমিন বিশ্বাস এবং আধারা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মুহাম্মদ সোলাইমান হোসেন। এছাড়াও স্থানীয় জামায়াত নেতা আবুল কাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, রমজান মাসে পবিত্র কুরআন অবতীর্ণ হওয়ার কারণেই এই মাসের মর্যাদা এত বেশি। তারা উল্লেখ করেন যে, দেশে যদি আল্লাহর বিধান অনুযায়ী যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করা সম্ভব হতো, তবে সমাজে কোনো দরিদ্র লোক থাকতো না। অর্থনৈতিক মুক্তি ও ইনসাফ কায়েমের জন্য ইসলামী সমাজ ব্যবস্থার কোনো বিকল্প নেই। বক্তারা উপস্থিত সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে ঐক্যবদ্ধ হয়ে কুরআনী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।