
মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপারের কঠোর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদকবিরোধী অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় আজ ২০ জানুয়ারি ২০২৬ খ্রি. বিকাল আনুমানিক ৪টা ১০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি দল সফল অভিযান পরিচালনা করে।
ডিবির এসআই (নি.) রাশেদ মুন্সী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ সদর থানাধীন নতুনগাঁও এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিপরীতে অভিযান পরিচালনা করেন। অভিযানে মহিউদ্দিন শেখের মালিকানাধীন এবং মো. কাউসার আহম্মেদের ভাড়াকৃত বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলো— মুন্সিগঞ্জের নতুনগাঁও এলাকার মৃত কেরামত আলীর ছেলে
মোঃ কাউসার আহম্মেদ (৩৪) (মহিউদ্দিন শেখের বাড়ির ভাড়াটিয়া)। এ সময় তার হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।