
স্টাফ রিপোর্টার
আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মুন্সিগঞ্জে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে মুন্সিগঞ্জ পুলিশ লাইনস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সর্বোচ্চ নিরপেক্ষতা ও আইন প্রয়োগে মানবিক আচরণ প্রদর্শন করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই একটি শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ তৈরি করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
প্রশিক্ষণ কোর্সে জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে আসা মোট ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন। দুই দিনব্যাপী এই আয়োজনে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, কেন্দ্র নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় কৌশলগত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।