
মুন্সিগঞ্জের বণিক্যপাড়া থেকে ১৬০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের নির্দেশনায় জেলার সব থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে মুন্সিগঞ্জ জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ ৩১ আগস্ট ২০২৬ দুপুর ১টা ৪০ মিনিটে অভিযান চালিয়ে ১৬০ বোতল এস্কাফসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ থানাধীন বণিক্যপাড়া এলাকায় মুক্তারপুর থেকে সিপাহীপাড়াগামী রাস্তার পশ্চিম পাশে মো. বিল্লাল মিজির মালিকানাধীন ওসমান ঢালী অটো ওয়ার্কশপের সামনের পাকা রাস্তায় এই অভিযান পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) মোহাম্মদ কামরুল হাসান, পিপিএম, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ।
গ্রেপ্তার হওয়া দুইজন হলেন—ঝিনাইদহের মহেশপুর থানার ডাকাতিয়া গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে মো. মুরছালিন (২৮) এবং মুন্সিগঞ্জ থানার গণকপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে সাহাবুদ্দিন (৪০)।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মুন্সিগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এই অভিযান আরও জোরদার করা হবে।