
স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে। বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। তাদের মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে।
নতুন সরকারের মন্ত্রিপরিষদে ডাক পেয়েছেন ঢাকা- ৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হলেন ।
উল্লেখ্য যে, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকার সাবেক মেয়র ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে। তাদের পৈত্রিক বাড়ি সিরাজদীখান উপজেলার শেখরনগর ইউনিয়নের সৈয়দপুরে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি মোট ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়েছেন। ইশরাক হোসেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান পেয়েছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট।ইশরাক হোসেন ২৩ হাজার ১৫৩ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন।