
নিয়ম বহির্ভূতভাবে সরকারি দুই দায়িত্ব পালনে একই ব্যক্তি, সেবা নিয়ে প্রশ্ন
মোরসালিন রহমান
মুন্সীগঞ্জের সিরাজদিখানে একই ব্যক্তি নিয়ম বহির্ভূতভাবে সরকারি দুটি দায়িত্ব পালন করছেন এমন অভিযোগ উঠেছে মো. জাকির হোসেনের বিরুদ্ধে। তিনি উপজেলার লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি লতব্দী ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) হিসেবে দায়িত্ব পালন করছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার লতব্দী ইউনিয়নের লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জাকির হোসেন একই সঙ্গে লতব্দী ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) হিসেবে দায়িত্ব পালন করছেন। একই ব্যক্তি একসঙ্গে শিক্ষকতা ও নিকাহ-তালাক রেজিস্ট্রারের দায়িত্ব পালন করায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে, ২০২৫ সালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক পদ, চাকরি বা আর্থিকভাবে লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না। নীতিমালায় বলা হয়েছে, বিষয়টি তদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীর এমপিও বাতিলসহ দায়ী ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে।
স্থানীয়রা জানান, একজন শিক্ষক একই সঙ্গে নিকাহ ও তালাক রেজিস্ট্রারের দায়িত্ব পালন করায় শিক্ষা প্রতিষ্ঠানে তার নিয়মিত উপস্থিতি ও দায়িত্ব পালনে কোনো প্রভাব পড়ছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
এ বিষয়ে অভিযুক্ত জাকির হোসেন প্রশ্ন জবাবে বলেন,আপনি কতদিন যাবত সাংবাদিকতা করেছেন। ভালো করে জেনে শুনে তারপর সাংবাদিকতা করবেন। ২০২৫ সালের প্রজ্ঞাপনের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়েছে সেটা জানেন না। আমি আমার জায়গায় বৈধ আছি।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন্নাহার বলেন, এমপিওভুক্ত কোনো শিক্ষক অর্থ উপার্জনের জন্য অন্য কোনো কাজ করতে পারবেন না। বিষয়টি সম্পর্কে আমি পূর্বে অবগত ছিলাম না, আপনার মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।