
আশরাফ ইকবাল
শিশুদের হাসি, কৌতূহল আর সচেতনতার ভাষা যিনি ছন্দে ছন্দে তুলে ধরেন—তিনি কাদের বাবু। ছড়াকার, গল্পকার, প্রকাশক ও সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে তিনি শব্দের আলো ছড়িয়ে চলেছেন শিশু ও সমাজের ভেতরে। আগামীকাল ২৪ জানুয়ারি এই বহুমাত্রিক স্রষ্টা পূর্ণ করছেন ৪২ বছর।
১৯৮৪ সালের ২৪ জানুয়ারি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের রসুলপুর গ্রামে জন্ম তার। বাবা আবদুল হাকিম ও মা রাবেয়া বেগম। গ্রামেই জন্ম হলেও শৈশব–কৈশোরের বড় অংশ কেটেছে রংপুর শহরের জুম্মাপাড়ায়—যেখানে ধীরে ধীরে গড়ে ওঠে তার শব্দের ভুবন।
লেখালেখির সঙ্গে কাদের বাবুর সম্পর্ক খুব ছোটবেলার। শব্দ যেন তার কাছে খেলনা, আবার কখনো বন্ধু। মাত্র ১১ বছর বয়সে, ১৯৯৫ সালে দৈনিক যুগের আলো পত্রিকায় প্রকাশিত লেখার মধ্য দিয়ে শুরু হয় তার সাহিত্যযাত্রা। সেই শুরু—আজও থামেনি। সময়ের পরতে পরতে তিনি লিখে চলেছেন বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকায়।
‘ঝিঁঝি পোকা ঝিঁঝি, আপনি কি খুব বিজি?’—এমন ছড়ায় শিশুদের হাসাতে হাসাতে তিনি বলে যান দায়িত্বের কথা। আবার ‘দেশ বাঁচাতে নদী বাঁচাই’ শিরোনামের ছড়ায় সহজ ভাষায় তুলে ধরেন প্রকৃতি ও পরিবেশ রক্ষার বার্তা। তার লেখার শক্তি এখানেই—সরলতা আর গভীরতার এক অপূর্ব মেলবন্ধন।
শিশুসাহিত্যের পাশাপাশি সাংবাদিকতাও তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। দেড় যুগের বেশি সময় ধরে তিনি যুক্ত ছিলেন সংবাদপেশার সঙ্গে। কাজ করেছেন দৈনিক ইত্তেফাক, সমকাল, অর্থনীতি প্রতিদিন, পাক্ষিক আনন্দ আলোসহ দেশের একাধিক শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে।
শব্দ, ছন্দ আর দায়বদ্ধতার এই দীর্ঘ পথচলায় কাদের বাবু আজও লিখে চলেছেন—শিশুদের জন্য, মানুষের জন্য, সময়ের জন্য।