
বর্ষন মোহাম্মদঃ মুন্সিগঞ্জ জেলা থেকে ঐতিহ্যবাহী মিষ্টান্ন “পাতক্ষীর”-কে ভৌগোলিক নির্দেশক (GI) পণ্যের সনদ প্রদান । বুধবার ৩০ এপ্রিল ২০২৫ পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর-এর উদ্যোগে ফরেন সার্ভিস একাডেমি, বাংলাদেশ (রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা, ২২ বেইলি রোড, ঢাকা)-এর মাল্টিপারপাস হলে “বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা ও নিবন্ধনকৃত ভৌগোলিক নির্দেশক (GI) পণ্যের সনদ প্রদান” অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ে উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান। দেশের বিভিন্ন অঞ্চলের নিবন্ধিত ভৌগোলিক নির্দেশক পণ্যের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হয়। মুন্সীগঞ্জ জেলা হতে ঐতিহ্যবাহী মিষ্টান্ন “পাতক্ষীর”-কে ভৌগোলিক নির্দেশক (GI) পণ্যের সনদ প্রদান করা হয়। মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত সনদটি গ্রহণ করেন।
পণ্যের মেধাসম্পদ সুরক্ষা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের GI পণ্যের পরিচিতি বৃদ্ধিতে এ অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ,আলোচনায় বক্তারা মেধাসম্পদের সুরক্ষা ও GI পণ্যের পঠন-পাঠন ও বাণিজ্যিকীকরণের ওপর গুরুত্বারোপ করেন এবং উদ্ভাবক বা কারিগরদের যথাযথ সম্মান ও স্বীকৃতি প্রদানের প্রয়োজনীয়তা তুলে ধরেন।অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, গবেষক, উদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।