
মুন্সিগঞ্জ কারাগারে ডিজিটাল বিপ্লব: চালু হলো দেশের প্রথম ক্যাশলেস কারা ব্যবস্থাপনা
স্টাফ রিপোর্টার
আধুনিক ও প্রযুক্তিনির্ভর কারা ব্যবস্থাপনার নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ। দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে মুন্সীগঞ্জ জেলা কারাগারে। নতুন এ ব্যবস্থার মাধ্যমে বন্দিদের নিরাপত্তা, অবস্থান শনাক্তকরণ এবং আর্থিক লেনদেন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে।
রোববার (২১ জুন) কারা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাশলেস কারা ব্যবস্থাপনায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এ প্রযুক্তির মাধ্যমে কারাগারের ভেতরে বন্দিদের অবস্থান তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি বন্দিদের ওয়ার্ডভিত্তিক উপস্থিতি ও গণনা আরও নির্ভুল ও দ্রুত সম্পন্ন করা যাবে।
নতুন ব্যবস্থায় বন্দিদের আত্মীয়-স্বজনের দেওয়া অর্থ আর নগদ হিসেবে গ্রহণ করা হবে না। বরং ভার্চুয়াল পদ্ধতিতে সেই অর্থ বন্দির নির্ধারিত হিসাবে জমা হবে। পরবর্তীতে বন্দিরা RFID-ভিত্তিক পরিচয় ব্যবস্থার মাধ্যমে কারা ক্যান্টিন থেকে প্রয়োজনীয় পণ্য কিনতে ওই অর্থ ব্যবহার করতে পারবেন।
কারা অধিদপ্তর জানিয়েছে, এই ব্যবস্থার ফলে কারাগারের অভ্যন্তরে নগদ অর্থের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হবে। এতে আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি অনিয়মের সুযোগ কমে আসবে।
এছাড়া আধুনিক প্রযুক্তির ব্যবহারে কারাগারের নিরাপত্তা আরও জোরদার হবে, বন্দিদের তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা সহজ হবে এবং সামগ্রিক সেবার মান উন্নত হবে বলে আশা প্রকাশ করেছে কারা অধিদপ্তর।
কারা কর্তৃপক্ষের মতে, মুন্সীগঞ্জ জেলা কারাগারে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য কারাগারেও ক্যাশলেস ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হবে। দেশের কারা ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ ও ডিজিটাল রূপান্তরের পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।