
মুন্সিগঞ্জ জেলা যুবদলের সভাপতি সোহেল রানা, সম্পাদক মোজাম্মেল মুন্না
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মোহাম্মদ সোহেল রানাকে সভাপতি এবং মোজাম্মেল হক মুন্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত শনিবার (২০ সেপ্টেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন কমিটিটি অনুমোদন করেন। কেন্দ্রীয় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে নতুন জেলা কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নেতৃত্ব ঘোষণার পর মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে পরিবর্তন আসতে পারে বলে দলটির নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিট পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনার সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন।