
মুন্সিগঞ্জ সদর প্রতিনিধি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জনশক্তি যুব উন্নয়ন সংস্থা, মুন্সিগঞ্জ। আজ সকালেই সংগঠনটির সদস্যরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন।
মুন্সীগঞ্জে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের ধারাবাহিকতায় জেলার অন্যতম সক্রিয় সংগঠন জনশক্তি যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা একুশের চেতনাকে ধারণ করে ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাহেব আলী মিজি, সভানেত্রী ফারজানা আক্তার, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, চারুকলা ও প্রচার সম্পাদক সারোয়ার শরিফ সোহানসহ সদস্য সিফাত, সিয়াম, যুথি এবং অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনের সভানেত্রী ফারজানা আক্তার বলেন, “একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জন্য অহংকার, আত্মত্যাগ ও গৌরবের এক মহিমান্বিত দিন। একুশ আমাদের শেখায় অধিকার আদায়ে আপসহীন সংগ্রামের কথা। ভাষা আন্দোলনের চেতনাই পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের ভিত্তি রচনা করেছে। তাই আমরা সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”
শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সংগঠনের পক্ষ থেকে ভাষা আন্দোলনের আদর্শ ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।