
সিজান খান:
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘প্রগতি একাডেমি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেল ৪টায় প্রগতি একাডেমির মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় এসএসসি ২০২৭ ও এইচএসসি ২০২৭ ব্যাচের শিক্ষার্থীরা। খেলাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করে প্রগতি একাডেমি। প্রতিষ্ঠানটি প্রচলিত কোচিং সেন্টারের ধারণার বাইরে গিয়ে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, কাউন্সেলিং, ইংরেজি, আইসিটি এবং ক্যারিয়ার-সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে থাকে।
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মীর হোসেন, ইঞ্জিনিয়ার মো. শাহিদুল হাসান শাওন, অ্যাডভোকেট রাকিব হাসান জিসান, বাইজিত মুন্সি, জাহিদ, কামরুলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
অতিথিরা শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, দলগত কাজ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।
টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের পেছনে প্রগতি একাডেমির কর্ণধার এইচ. এ. ইন্সেসার নীরবসহ সংশ্লিষ্ট শিক্ষক ও আয়োজকদের আন্তরিক প্রচেষ্টা ছিল। কয়েকদিনের প্রস্তুতি ও পরিশ্রমের মাধ্যমে তারা শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ক্রীড়া আয়োজন উপহার দেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।