
মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত
রাজু আহমেদ
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে মুন্সিগঞ্জে ‘কুইক রেসপন্স টিম (ছজঞ)’ গঠন সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় মুন্সিগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার প্রতিটি থানা এবং জেলায় কর্মরত সিআইডি, পিবিআই, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও হাইওয়ে পুলিশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বৈঠকে কুইক রেসপন্স টিম গঠন ও এর কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়— আকস্মিক আইনশৃঙ্খলাজনিত সমস্যা বা জরুরি পরিস্থিতি দেখা দিলে সংশ্লিষ্ট ইউনিটের জন্য অপেক্ষা না করে সমন্বিতভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো জরুরি মুহূর্তে দ্রুত ও সমন্বিত পুলিশি সাড়া নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত হয় সভায়। পাশাপাশি সংশ্লিষ্ট সব ইউনিটের সমন্বয়ে দ্রুত কুইক রেসপন্স টিমের সদস্য তালিকা প্রস্তুত করে অপরাধপ্রবণ এলাকাগুলোতে সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্তও নেওয়া হয়।