
সিরাজদিখান প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ কাউসার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর বাজার থেকে নিমতলাগামী পাকা সড়কে লাবনী স্টুডিওর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোঃ কাউসার রাজানগর ইউনিয়নের নয়ানগর এলাকার মোঃ হাসমতের ছেলে।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
শেখরনগর পুলিশ তদন্তকেন্দ্রের এসআই (নিঃ) আক্কাস আলী শেখের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন। এ সময় কাউসারের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিধি মোতাবেক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।