
মোহাম্মদ ছিবগাতুল্লাহ স্টাফ রিপোর্টার
আগামী ১৪ জুলাই মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় গণমানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিতে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সেদিন সন্ধ্যা ৬টার দিকে নেতারা সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তৌহিদুল ইসলাম নয়ন সিনিয়র যুগ্ম সদস্য সচিব, জাতীয় ছাত্রশক্তি, মুন্সিগঞ্জ জেলা। তিনি জানান, এনসিপির কেন্দ্রীয় নেতাদের এই সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, গণমানুষের প্রত্যাশা, সমস্যা ও মতামত সরাসরি জানতেই এ গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।
এদিকে, কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে সিরাজদিখান উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ ঘটবে।