
মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন: দেড় লাখ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীর বকচর ও কালিরচর এলাকায় বিশেষ কম্বিং অপারেশন ২০২৬ পরিচালনা করে যৌথ বাহিনী। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে আনুমানিক ১.৫ লক্ষ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, মুন্সীগঞ্জ সদর উপজেলা-এর উদ্যোগে পরিচালিত এই অভিযানে অংশগ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড, গজারিয়া সাবস্টেশন, নৌপুলিশ এবং বাংলাদেশ নৌবাহিনী।
অভিযান চলাকালে মেঘনা নদীর বকচর ও কালিরচর এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। এ সময় নদীতে অবৈধভাবে স্থাপন করা বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক পরিমাণ প্রায় দেড় লাখ বর্গমিটার।
পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, মৎস্য সম্পদ রক্ষা এবং নদীতে অবৈধ মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, অবৈধ কারেন্ট জালের ব্যবহার দেশের মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। তাই সরকার মৎস্য সম্পদ সংরক্ষণে নিয়মিতভাবে এ ধরনের যৌথ অভিযান পরিচালনা করছে।