
মুন্সিগঞ্জের টংগীবাড়ীতে চালককে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে রিফাত হোসেন বাপ্পী (২২) নামে এক যুবককে মিশুকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেশনাল বাজার ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাপ্পী বরিশালের বানারীপাড়া উপজেলার সাতবাড়িয়া এলাকার সরোয়ার মৃধার ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে রিফাত হোসেন বাপ্পী ও মুক্তা নামের দুই ব্যক্তি সিপাহীপাড়া থেকে দিঘীরপাড় যাওয়ার জন্য একটি মিশুক ভাড়া করেন। পথে তারা চালককে চেতনা নাশক খাবার খাওয়ান বলে অভিযোগ। পরে টংগীবাড়ী থানাধীন বেশনাল বাজার এলাকায় চালক অচেতন হয়ে পড়লে তারা মিশুকটি নিয়ে পালিয়ে যান।
বিষয়টি স্থানীয়রা দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রকে জানালে মুন্সীগঞ্জের পুলিশ সুপারের দিকনির্দেশনায় পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (নিঃ) মো. আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে এবং এসআই (নিঃ) সোহাগ মিয়ার সমন্বয়ে পুলিশের একটি দল দ্রুত অভিযান শুরু করে। অভিযান চালিয়ে বেশনাল ও আশপাশের এলাকা থেকে বাপ্পীকে মিশুকসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অপর অভিযুক্ত মুক্তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।