
নিজস্ব প্রতিবেদক: কবরের আজাব থেকে মুক্তি পেতে এবং পরকালের জীবনে সফলতার জন্য ইসলামে বিভিন্ন আমলের কথা বলা হয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হলো নিয়মিত সূরা আল-মুলক তিলাওয়াত করা।
হাদিসে সূরা আল-মুলকের বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোরআনে ৩০ আয়াতের একটি সূরা রয়েছে, যা তার পাঠকারীর জন্য সুপারিশ করতে থাকবে, যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। সেটি হলো সূরা আল-মুলক। (সুনানে তিরমিজি)
এ কারণে অনেক আলেম রাতে ঘুমানোর আগে সূরা আল-মুলক তিলাওয়াতের প্রতি গুরুত্ব দিয়েছেন। তবে শুধু তিলাওয়াত নয়, কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করাও জরুরি।
প্রতিদিন অল্প সময় ব্যয় করে সূরা আল-মুলক তিলাওয়াতের অভ্যাস করা যেতে পারে। নিয়মিত আমল, তওবা, নামাজ ও সৎকর্মের মাধ্যমে একজন মুমিন আল্লাহর রহমত ও ক্ষমা লাভের চেষ্টা করতে পারেন। সাব-এডিট/সাইদ হাসান আফরান