মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নে জাকের পার্টির উদ্যোগে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে এক জনসভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ অক্টোবর) বিকাল ৪টায় হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ জনসভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক ও হোসেন্দি ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন। প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা জাকের পার্টির সভাপতি সরকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন ঢালী, প্রচার সম্পাদক আল ইসলাম, জাকের পার্টির ছাত্রী ফ্রন্টের সভানেত্রী রানী আক্তার।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়নের সভাপতি আমিরুল ইসলাম প্রধান, থানা যুব সেচ্ছাসেবক ফ্রন্টের নেতা মুক্তার হোসেন, মোঃ শহিদুল্লাহ সেন্টু, আব্দুর রহিম আলীসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জাকের পার্টি সর্বদা দেশ ও সমাজে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করছে। আগামী জাতীয় নির্বাচনে জনগণের কাছে গোলাপ ফুল মার্কায় ভোট প্রার্থনা করেন তারা।
বক্তারা আরো বলেন,দয়াল নবীর পছন্দ ফুল, খাজার পছন্দ ফুল,আমাদের জাকের পার্টির প্রতীকও গোলাপ ফুল। তাই ধর্মপ্রাণ মুসলমানরা গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে জাকের পার্টিকে জয়যুক্ত করবেন।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালী বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে হোসেন্দি বাজারে গিয়ে শেষ হয়। র্যালীতে শতাধিক নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। সারা অনুষ্ঠান জুড়ে উচ্ছ্বাস, স্লোগান এবং শান্তিপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়।