
সাইদ হাসান আফরান
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে একই এলাকার তাজুল ইসলাম গংদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ইমামপুর ইউনিয়নের চর ডিগ্রী গ্রামের বাসিন্দা মো. রমজান (৩৩) গত ১ আগস্ট (শুক্রবার) বিকেল সাড়ে ৫টার দিকে তার বাবা গোলাম মাওলা (৬০) কে একা পেয়ে পরিকল্পিতভাবে হা.ম.লা চালায়। এ ঘটনায় অভিযুক্তরা হলেন তাজুল ইসলাম (৩০), ফেরদাউস (৫৫), বাবু (৩০), বাতেন (৬০), সানু (৪৫), জরিনা বেগম (৫০) এবং আরও ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি।
অভিযোগে বলা হয়, ওই দিন বিকেলে চর ডিগ্রী গ্রামের শাহ আলমের বাড়ির পাশের পাকা রাস্তায় গোলাম মাওলাকে একা পেয়ে দেশীয় অস্ত্রসহ সজ্জিত হয়ে অভিযুক্তরা অতর্কিতে হামলা চালায়। ১ নম্বর বিবাদী তাজুল ইসলাম ধারালো দা দিয়ে হত্যা.র উদ্দেশ্যে মাথায় আঘাত করলে কপালে গুরুতর জখম হয়। অন্য অভিযুক্তরা হকিস্টিক, রড, কাঠের ডাসা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও রক্তাক্ত জখম করে।
এ সময় গোলাম মাওলার ছেলে রমজান ও তার দুই মেয়ে রোকসানা (৩৫) ও পলি (২৮) এগিয়ে গেলে তাদের উপরও হামলা চালানো হয়। অভিযুক্তরা তাদের কিল, ঘুষি ও লাথি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় গোলাম মাওলাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি নেন।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান, “অভিযোগটি যাচাই-বাছাই করে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলছিল। এরই জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।