
মো. রাসেল সরকার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ওয়াজ করনী (২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় লোকমান হোসেন (৩৫) নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী রাস্তায় ছিটকে পড়ে যান। ঘটনাস্থল থেকে চালক ওয়াজ করনীকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওয়াজ করনী গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের আব্দুল হামিদের ছেলে। আহত লোকমান হোসেন একই এলাকার আব্দুল জলিল সরকারের ছেলে দুর্ঘটনার আহত ব্যক্তির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওয়াজ করনী ও আহত লোকমান হোসেন শুক্রবার বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় আসার পরই এই দুর্ঘটনার শিকার হন তারা। দুর্ঘটনার পর এলাকাবাসীর সহায়তায় ঘাতক বাসটিকে আটক করে হাইওয়ে পুলিশ।

গজারিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”