সাইদ হাসান আফরান
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত মুন্সিগঞ্জ-০৩ আসনে সংসদ সদস্য প্রার্থী কামরুজ্জামান রতনের পক্ষে উঠান বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও অংশ নেন।
শুক্রবার (০৯ জানুয়ারি) গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া মহল্লায় এই দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় অবদানের কথা স্মরণ করেন বক্তারা।
অনুষ্ঠানে গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম মিয়ার সঞ্চালনায় এবং হোসেন্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কামরুজ্জামান রতনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছকির আহমেদের সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হোসেন্দী ইউনিয়ন বিএনপির সদস্য মমিন মৃধা। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। তার আদর্শ অনুসরণ করেই বিএনপি দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন্দী ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক ছোটন চৌধুরী, হোসেন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, গজারিয়া উপজেলা যুবদলের সদস্য নিজাম মোল্লা, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শরিফ খান এবং গজারিয়া উপজেলা যুবদলের সাবেক নেতা আমিরুল। এছাড়া বিএনপি নেতা খুসু মিয়া, সাহাবউদ্দিনসহ হোসেন্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মের নেতাকর্মীদের অনুপ্রেরণা হয়ে থাকবে। একইসঙ্গে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের পক্ষে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।