
মো. রাসেল সরকার,গজারিয়া
মুন্সিগঞ্জের গজারিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি রেস্টুরেন্টকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পচা-বাসি খাবার পরিবেশন ও অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে এ জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর ফারুক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে পচা-বাসি খাবার পরিবেশনের দায়ে ঢাকা মিষ্টিমুখ রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং বাংলা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর ফারুক বলেন, “আজকের অভিযানে দুটি রেস্টুরেন্টকে বিভিন্ন অনিয়মের কারণে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”
এ সময় গজারিয়া এসিল্যান্ড অফিসের নাজির-কাম-ক্যাশিয়ার মোঃ শরীফ হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে গজারিয়া থানা পুলিশ।
মুন্সিগঞ্জের বার্তা/ সাব/সাইদ হাসান আফরান