
সাইদ হাসান আফরান
মুন্সীগঞ্জের গজারিয়ায় মালবাহী একটি ট্রেইলারের ধাক্কায় বসতবাড়ির সীমানা প্রাচীর ভেঙে চাপা পড়ে আরাফাত (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার সঙ্গী জামিয়া (৬) নামের অপর এক শিশু।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী পূর্বপাড়া নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত জামালদী এলাকার মফিজ উদ্দিনের ছেলে এবং আহত জামিয়া বিল্লাল হোসেনের মেয়ে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল থেকে ফেরার পথে বেপরোয়া গতির সামুদা কেমিক্যাল কোম্পানির একটি মালবাহী ট্রেইলার দেখতে পেয়ে দুই শিশু রাস্তার পাশে হাজী দেলোয়ার হোসেনের বাড়ির সীমানা প্রাচীরের কাছে অবস্থান নেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেইলারটি প্রাচীরের সঙ্গে সজোরে ধাক্কা দিলে তা ভেঙে পড়ে শিশু দুটির ওপর। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং সামুদা কেমিক্যাল কোম্পানির দুটি ট্রেইলার আটক করে। এছাড়া তারা চালক ও সহকারীকে মারধর করে।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, “আহত শিশুদের ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।”