
গজারিয়ায় মালবোঝাই ট্রাক দুর্ঘটনায় কবলে, মহাসড়কে ২০ মিনিট যানজট।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের হাঁস পয়েন্ট এলাকায় ইউটার্ন নিতে গিয়ে একটি মালবোঝাই ট্রাক দুর্ঘটনায় কবলে পড়েছে , এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লাগামী লেনে প্রায় ২০ মিনিটের জন্য তীব্র যানজটের সৃষ্টি হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ ব্যাপকভাবে দুমড়েমুচড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি ইউটার্ন নেওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে সংঘর্ষে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের একাংশ জুড়ে আটকে যায়। ফলে কুমিল্লামুখী লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দুর্ঘটনাকবলিত ট্রাকটি আনোয়ার গ্রুপের পণ্য বহন করছিল বলে জানা গেছে। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট ২৪-৬২৭৮।
খবর পেয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রেকার গাড়ির সহায়তায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
গজারিয়া হাইওয়ে পুলিশ জানায়, ইউটার্ন নেওয়ার সময় ট্রাকটি আরেকটি অজ্ঞাত গাড়ির সঙ্গে লাগিয়ে দেওয়ায় দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় কোনো প্রাণহানি না হলেও দুর্ঘটনাটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং কিছু সময়ের জন্য যাত্রী ও চালকদের ভোগান্তিতে পড়তে হয়।