
আল আমিন,গজারিয়াঃ
মেধা ও মননের বিকাশে শিক্ষার্থীদের উৎসাহিত করতে মুন্সিগঞ্জ উন্নয়ন সোসাইটি-এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৪ শিক্ষাবর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইক্বরা মডেল একাডেমী প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৯টি বিদ্যালয়ের মোট ৩১ জন কৃতি শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিজ্ঞান অনুষদের সাবেক ডিন, প্রফেসর মোঃ আবু ইউসুফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ উন্নয়ন সোসাইটির উপদেষ্টা মোঃ শাহজাহান সরকার, মুন্সিগঞ্জ জেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি মোঃ সুরুজ মাস্টার এবং গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ফজলুল হক নয়ন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ উন্নয়ন সোসাইটির গজারিয়া উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা নুরে আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইক্বরা মডেল একাডেমির প্রধান শিক্ষক এম এ তুহিন।
এ সময় গজারিয়া উপজেলা সেকেন্ডারি প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সভাপতি কামরুজ্জামান রাসেলসহ স্থানীয় শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নিয়মিত বৃত্তি পরীক্ষা ও সংবর্ধনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও পড়াশোনার আগ্রহ বাড়ে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন অব্যাহত রাখার পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য সহায়তা কার্যক্রম জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।