
সাইদ হাসান আফরান
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় গ্রামে রাতের আধারে দুর্বৃত্তদের হামলায় প্রায় ১০টি ফলজ ও ঔষধি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগীর দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার (১২ অক্টোবর) সরেজমিনে গেলে দেখা যায়, বাগানের বিভিন্ন স্থানে দা ও করাতের আঘাতে নির্বিচারে কাটা পড়ে রয়েছে গাছগুলো। এতে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী মো. শাহপরান।
অভিযোগকারী শাহিনুর আক্তার বলেন, “ওয়ারিশ সূত্রে প্রাপ্ত গজারিয়া উপজেলার পৈক্ষারপাড় মৌজার ৬৯ নং আর.এস খতিয়ান ও ২৫৪ নং আর.এস দাগের ৩০ শতক জমির মধ্যে ৫.৮৩ শতাংশ জায়গায় প্রায় ৫০ বছর আগে ফলজ ও ঔষধি গাছ রোপণ করি। শুক্রবার রাতে দুর্বৃত্তরা সন্ত্রাসী কায়দায় আমাদের দখল উচ্ছেদের চেষ্টা চালিয়ে বাগানের গাছগুলো কেটে ফেলে।”
এ ঘটনায় মো. মোশাররফ হোসেন (৫৫),মোছা. রোকেয়া খাতুন (৪৫)সহ অজ্ঞাতনামা আরও ২–৩ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত মোশাররফ হোসেন ফোনে বলেন, “আমাকে অন্যায়ভাবে ফাঁসানোর জন্য আমার নামে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। গাছ কাটার বিষয়টি সম্পর্কে আজ সকালে আমি প্রথম জানতে পারি। আমি ও আমার স্ত্রী এ ঘটনায় সম্পৃক্ত নই।”
গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, “ঘটনাটি সম্পর্কে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য কর্মকর্তা নিয়োগ করা হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”