
মো. রাসেল সরকার, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ও বালুয়াকান্দি এলাকায় তিতাস গ্যাসের বিশেষ অভিযানে চারটি রেস্টুরেন্টের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এর মধ্যে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আজ বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। জানা যায়, প্রথমে বালুয়াকান্দি এলাকার মর্নিং সান রেস্টুরেন্ট-এর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা মিষ্টি মুখ অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টসহ আরও দুটি রেস্টুরেন্টের সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সিমন সরকার। তিনি জানান, অবৈধ সংযোগবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে।
তিতাস গ্যাস সোনারগাঁ-মেঘনা ঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন,
“গত কয়েক মাস ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চলছে। আজকের অভিযানে বালুয়াকান্দিতে ১টি এবং ভবেরচরে ৩টি রেস্টুরেন্টের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে গজারিয়া থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।