
সাইদ হাসান আফরান
মুন্সিগঞ্জের গজারিয়ার আলোচিত জান্নাত হোসেন হত্যা মামলার অন্যতম আসামি তাজবীর রাঢ়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুর আড়াইটার দিকে জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে, হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নয়ানগর গ্রামের শত শত নারী-পুরুষ। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে থানা পুলিশের অনুরোধে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে গজারিয়া থানার নতুন গেটের সামনে মানববন্ধন করেন।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর সকালে গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে প্রতিবেশী মাদকাসক্ত দুই ভাই তারেক ও রিয়াদের সঙ্গে বিরোধের জেরে জান্নাত হোসেনকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা জাহানারা বেগম গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে।