
গজারিয়ার নতুন এসিল্যান্ড হামিদা মুস্তফা
গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নতুন করে দায়িত্ব পেয়েছেন হামিদা মুস্তফা। গত ২১ জুলাই বিভাগীয় কমিশনার, ঢাকা কার্যালয় থেকে জারি হওয়া এক অফিস আদেশের মাধ্যমে তাকে গজারিয়ায় পদায়ন করা হয়।
এর আগে গজারিয়া উপজেলায় এসিল্যান্ড হিসেবে দায়িত্বে ছিলেন মো. মামুন শরিফ। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের একাধিক অভিযোগ উত্থাপিত হলে বিভাগীয় কমিশনার, ঢাকা এক অফিস আদেশে তাকে ফরিদপুরে বদলি করেন। তবে বদলির কিছুদিনের মধ্যেই তাকে সেখানে ‘ক্লোজ’ (প্রত্যাহার) করা হয়।
উল্লেখ্য, গজারিয়ায় দায়িত্ব পালনকালে মো. মামুন শরিফের বিরুদ্ধে ভূমি সংক্রান্ত সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে ঘুষ আদায়, বালুমহল কান্ড ইত্যাদি নানা রকম অভিযোগ উঠে। এছাড়া এসব অনিয়মের অভিযোগে স্থানীয় রাজনৈতিক মহল ও জনপ্রতিনিধিদের মধ্যেও অসন্তোষ দেখা দেয়।
নতুন এসিল্যান্ড হামিদা মুস্তফার নিয়োগে গজারিয়াবাসী সুশাসনের প্রত্যাশা করছেন। স্থানীয় প্রশাসন সূত্র বলছে, নতুন এসিল্যান্ড দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।