ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেওয়া বা বেইমানি করা মানেই বিএনপির সঙ্গে বেইমানি করার শামিল—এমন মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না।
শনিবার বিকাল ৪টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনকে বিজয়ী করার লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোজাম্মেল হক মুন্না বলেন, “যারা ধানের শীষের সঙ্গে বেইমানি করেন, তারা মূলত বিএনপির আদর্শ, নেতৃত্ব ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে বেইমানি করেন। এই দুঃসময়ে দলের ভেতরে বিভাজনের কোনো সুযোগ নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করতে হবে।”
গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দীকউল্লাহ ফরিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার।
সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে হবে এবং ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ জোরদার করতে হবে। আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতনকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।