চার দিনের মাথায় অবশেষে নিখোঁজ অনিককে ফিরে পেয়েছে তার পরিবার.
জানা যায়, গত ৩১ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কাউকে কিছু না বলে স্কুলের উদ্দেশ্যে উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে নিজ বাড়ি থেকে বের হয়ে গাজীপুরে তার এক ফেসবুক বন্ধুর বাসায় চলে যায় অনিক(১৫)। বিষয়টি পরিবার জানতো না, ফলে শুরু হয় খোঁজাখুঁজি ও উদ্বেগ উৎকণ্ঠা।
পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে অনিকের নিখোঁজ সংবাদ প্রকাশ হলে তা বন্ধুর পরিবারের নজরে আসে। পরে শুক্রবার, চার দিন পর, ওই বন্ধুর বাবা অনিককে তার নিজ বাড়ি নয়াকান্দিতে পৌঁছে দিয়ে পরিবারের কাছে বুঝিয়ে দেন।
দীর্ঘ চার দিন পর সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি ও আনন্দে ভাসছে পরিবার। এদিকে অনিককে খুঁজে পেতে সহযোগিতা করায় গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার স্বজনরা।