
সাইদ হাসান আফরান
দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ঢাকার পূর্ব মানিকনগর কেন্দ্রীয় মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ০২ নভেম্বর বাদ মাগরিব আয়োজিত এ মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মুসল্লিসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ. ক. ম. মোজাম্মেল হকসহ ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, বহু আন্দোলন-সংগ্রামে তাঁর সাহসী নেতৃত্ব দেশবাসীর অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, “আমরা বিশ্বাস করি, আল্লাহর অশেষ রহমতে দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠবেন। জনগণের ভালোবাসা ও দোয়া তার শক্তি।”
দোয়া মাহফিলে দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেষে আয়োজকরা সারাদেশের মুসলমানদের কাছে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
মুন্সিগঞ্জের বার্তা /আফরান