
সাইদ হাসান আফরান
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে কাইয়ুম দেওয়ান নামে এক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় নিরীহ এলাকাবাসীকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের এবং মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।
রোববার বিকেল সাড়ে ৪টায় গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জামালপুর ও শিমুলিয়া গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা শামিম ওসমান–এর ঘনিষ্ঠ পরিচয়ে মাইনউদ্দিন, হালিম ও কাইয়ুম দেওয়ান নেপথ্যে থেকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চিহ্নিত নৌ-ডাকাত জিতু রাঢ়ীর নেতৃত্বে একটি চক্র এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। ভুক্তভোগীদের দাবি, গত বছর জামালপুর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের কথা বলে সাধারণ মানুষকে মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় করা হচ্ছে।
জামালপুর গ্রামের সিরাজুল সরকার বলেন, এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে একাধিক ব্যক্তিকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। নির্বাচনকেন্দ্রিক বিরোধের জেরে তাকেও মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে তিনি দাবি করেন। মানববন্ধনে মো. আওলাদ হোসেন বলেন, ব্যক্তিগত বিরোধের কারণে নিরীহ মানুষকে মামলায় জড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। বাবু সরকার অভিযোগ করেন, রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীকে চাপের মধ্যে রাখা হয়েছে।
বক্তারা আরও জানান, সাম্প্রতিক পারিবারিক বিরোধের জেরে ২৭টি পরিবারের সদস্যদের আসামি করা হয়েছে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। তারা দ্রুত তদন্ত করে মিথ্যা মামলা প্রত্যাহার ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে জিতু রাঢ়ী বলেন, তিনি ব্যবসায়িক কারণে নারায়ণগঞ্জে বসবাস করেন এবং এসব কর্মকাণ্ডে তার বা তার লোকজনের কোনো সম্পৃক্ততা নেই।
সাব এডিট /সাইদ হাসান আফরান