মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলাজুড়ে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. বাবুল ওরফে বাবু (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার (২৯ মার্চ) দুপুর ২:৫০ ঘটিকার সময় মুন্সিগঞ্জ সদর থানাধীন দক্ষিণ মহাকালী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই (নিঃ) দিপঙ্কর কুন্ডু সঙ্গীয় ফোর্স নিয়ে দারুল উলুম ইসলামিয়া কওমী মাদ্রাসার সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করেন। গ্রেফতারকৃত আসামি মো. বাবুল মুন্সিগঞ্জ সদরের দক্ষিণ কেওয়ার এলাকার শফিজদ্দিন সিকদারের ছেলে। তল্লাশিকালে তার কাছ থেকে নেশাজাতীয় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মুন্সিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।