সাইদ হাসান আফরান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ. ক. ম. মোজাম্মেল হক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় নিজ বাসভবনের সামনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আমি মুন্সিগঞ্জ-৩ আসনের জনগণের সেবা করতে চাই। তবে দল অন্য কাউকে প্রার্থী করলেও আমি তার হয়েও কাজ করব।”
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের গণভোট প্রসঙ্গে দেওয়া বক্তব্যকে ভিত্তিহীন, বানোয়াট ও রাষ্ট্রবিরোধী বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, “এরা দেশের গণতন্ত্রের শত্রু, পাকিস্তানের দোসর। তারা কোনো দিনই এ দেশে গণতন্ত্র চায়নি।”
এর আগে বেলা ১১টার দিকে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি’ বাস্তবায়নের লক্ষ্যে গজারিয়ার ভবেরচর এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন।
লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন হাট-বাজারে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ৩১ দফা কর্মসূচির উদ্দেশ্য ও তাৎপর্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করেন।
এ সময় উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব শরিফ উদ্দিন মাস্টার, গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফুয়াদ হাসান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নোমান বিল্লাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সব/এডিট/সাইদ হাসান আফরান